অভিজিৎ সাহা:স্কুল পড়ুয়াদের পোশাক তৈরির কাজেও কাটমানির অভিযোগ! তৃণমূল আমলের এই বিস্ফোরক অভিযোগ ঘিরে উত্তাল হয়ে উঠেছে বীরভূমের সিউড়ি ১ নম্বর ব্লক। স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অভিযোগ, সরকারি প্রকল্পের আওতায় প্রশিক্ষণ নেওয়ার পরও তাঁদের কাজ না দিয়ে বাইরে থেকে লোক এনে কাজ করানো হয়েছে। এমনকি কাজ পাইয়ে দেওয়ার নাম করে কাটমানিও দাবি করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে।জানা গিয়েছে, ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পের অধীনে স্কুল পোশাক কাটা ও সেলাইয়ের প্রশিক্ষণ নিয়েছিলেন স্থানীয় বহু মহিলা। প্রশিক্ষণের পর সরকারি কাজ পাওয়ার আশায় ছিলেন তাঁরা। কিন্তু অভিযোগ, সেই কাজ স্থানীয় গোষ্ঠীর হাতে না তুলে অন্যত্র সরিয়ে দেওয়া হয়। আন্দোলনকারীদের দাবি, মুর্শিদাবাদ থেকে কয়েকজন এজেন্ট এনে তাঁদের মাধ্যমে কাজ করানো হয়েছে। ফলে স্থানীয় মহিলারা কার্যত বেকার হয়ে পড়েছেন।এই অভিযোগে এর আগেও সিউড়ি ১ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের (বিডিও) দপ্তরের সামনে বিক্ষোভ দেখান স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। বুধবার ফের বিষয়টি তুলে ধরা হয় সিউড়ির নবনির্বাচিত বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়ের কাছে। অভিযোগ শোনার পর দ্রুত প্রশাসনিক পদক্ষেপের নির্দেশ দেন বিধায়ক।আন্দোলনকারী অনুপমা মণ্ডল বলেন,“আমরা সরকারি প্রশিক্ষণ পেয়েও কাজ পাচ্ছি না। বাইরে থেকে লোক এনে কাজ করানো হচ্ছে। আমাদের সঙ্গে বঞ্চনা করা হয়েছে। তাই প্রতিবাদে পথে নামতে বাধ্য হয়েছি।”অভিযোগ প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে ব্লক প্রশাসন। প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, অভিযোগকারীদের লিখিত অভিযোগ জমা দিতে বলা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে প্রশাসনের অভ্যন্তরীণ তদন্তকারী দল পুরো বিষয়টি খতিয়ে দেখবে। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁদের পক্ষ থেকেও পাল্টা কিছু অভিযোগ রয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। সেই বিষয়গুলিও তদন্ত করে দেখা হবে।ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। সরকারি প্রকল্পের কাজে স্বচ্ছতা নিয়ে আবারও উঠছে প্রশ্ন।
তৃণমূল আমলে স্কুলের পোশাকেও কাটমানির অভিযোগ! তোলপাড় সিউড়ি, তদন্তের আশ্বাস প্রশাসনের!