কৌশিকী অমাবস্যায় তারাপীঠে নতুন নিয়ম, গর্ভগৃহে প্রবেশ নিষেধ!
নিজস্ব সংবাদদাতা : কৌশিকী অমাবস্যাকে ঘিরে প্রতি বছরই ভক্তদের ঢল নামে তারাপীঠে। রাজ্যের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও বহু মানুষ এই সময়ে তারাপীঠে পুজো দিতে আসেন। এ বছর কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে তারাপীঠ মন্দিরে বেশ কিছু নতুন নিয়ম চালু করা হয়েছে। মন্দিরে ভিড় ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য এবার কৌশিকী অমাবস্যার সময় গর্ভগৃহে কাউকেই প্রবেশ করতে দেওয়া হবে না।তারাপীঠ মন্দিরকে কেন্দ্র করে এ বছর ৫ কোটি টাকার ফান্ড বরাদ্দের কথাও জানা গিয়েছে। প্রতি বছর কৌশিকী অমাবস্যায় ভক্তদের গর্ভগৃহে প্রবেশ করে বিগ্রহ দর্শনের সুযোগ থাকলেও এবার সেই নিয়মে পরিবর্তন আনা হয়েছে। মন্দির কমিটির প্রবীণ সেবাইত ও প্রবক্তা প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় জানান, কৌশিকী অমাবস্যায় ভক্তদের ভিড় সামলাতে মন্দিরে মোট তিনটি লাইন থাকবে। একটি সাধারণ ভক্তদের জন্য জেনারেল লাইন, দ্বিতীয়টি ভিআইপি লাইন এবং তৃতীয়টি প্রোটোকল লাইন।তিনটি লাইনই একই দিক দিয়ে মন্দিরের দিকে এগোবে। তবে কোনও লাইন থেকেই কাউকে গর্ভমন্দিরের ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না।মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর কৌশিকী অমাবস্যা শুরু হবে ১০ সেপ্টেম্বর সকাল ১০টা ১১ মিনিটে এবং শেষ হবে ১১ সেপ্টেম্বর সকাল ৮টা ৪৫ মিনিটে। তবে তিথি শেষ হয়ে গেলেও ১১ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গর্ভগৃহে প্রবেশের নিষেধাজ্ঞা বহাল থাকবে।মন্দির কর্তৃপক্ষের বক্তব্য, পরিস্থিতি স্বাভাবিক হলে এবং ভক্তদের ভিড় কমে এলে পরবর্তীতে গর্ভগৃহে প্রবেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে সেই সিদ্ধান্ত পরিস্থিতি পর্যালোচনা করেই নেওয়া হবে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ।