Skip to content

সিসিটিভির সামনে নৃশংস খুন, আসানসোলে তীব্র উত্তেজনা—বিচারের দাবিতে রাস্তায় কংগ্রেস!

1 min read

নিজস্ব সংবাদদাতা : গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে আসানসোলে ঘটে গেল এক চাঞ্চল্যকর খুন। সিসিটিভি ক্যামেরার সামনেই এক ব্যক্তিকে বেধড়ক মারধর করে খুনের অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে রণক্ষেত্রের চেহারা নেয় আসানসোল সাউথ পিপি ফাঁড়ি এলাকা। মৃতদেহ নিয়ে বিক্ষোভে নামে ভারতীয় জাতীয় কংগ্রেস। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম দেবদীপ চট্টোপাধ্যায়। শুক্রবার গভীর রাত, আনুমানিক ১টা থেকে ২টার মধ্যে অনন্যা কমপ্লেক্স এলাকায় এই নৃশংস হামলা হয়। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, একদল যুবক আচমকা তাঁর ওপর হামলা চালায় এবং এলোপাথাড়ি মারধর করে। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ঘটনার পরই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। শনিবার সকালে কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেন। কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুইতণ্ডি-র নেতৃত্বে মৃতদেহ নিয়ে সাউথ পিপি ফাঁড়ি ঘেরাও করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, হামলায় জড়িতরা স্থানীয় শাসকদলের এক প্রভাবশালী কাউন্সিলরের ঘনিষ্ঠ। রাজনৈতিক প্রভাবের কারণেই পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিচ্ছে না বলেও দাবি তাঁদের। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট জানিয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দোষীদের শনাক্ত করার কাজ চলছে। তবে প্রশাসনের আশ্বাসে ক্ষোভ প্রশমিত হয়নি। বিক্ষোভকারীরা দোষীদের অবিলম্বে গ্রেফতার এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে আন্দোলনে অনড়। ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। প্রশ্ন উঠছে—সিসিটিভির নজরদারিতেও কি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত নয়?

Latest