Skip to content

সিউড়ির মঞ্চে মমতার সামনেই ‘মেজাজ হারালেন’ অনুব্রত? ভাইরাল ভিডিও ঘিরে তৃণমূলে জোর চর্চা!

অভিজিৎ সাহা : ১৩ই এপ্রিল, সোমবার সিউড়ির জনসভায় এমন এক দৃশ্য সামনে এল, যা ঘিরে তৃণমূলের অন্দরমহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সিউড়ির প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সমর্থনে আয়োজিত সভায় মুখ্যমন্ত্রী Mamata Banerjee-র উপস্থিতিতেই অনুব্রত মণ্ডলকে স্পষ্ট বিরক্তি প্রকাশ করতে দেখা যায় বলে ভাইরাল ভিডিও ঘিরে দাবি উঠেছে।ভিডিওতে দেখা যাচ্ছে, নেত্রীর বক্তব্য চলাকালীন মঞ্চের একপ্রান্তে থাকা Anubrata Mondal-কে কাছে ডাকেন মমতা। সেই সময় হাসনের প্রার্থী কাজল শেখ ও বিকাশ রায়চৌধুরীর সঙ্গে আলোচনা করছিলেন তিনি। ঠিক তখনই অনুব্রতকে হাত নেড়ে কিছু বলতে এবং পরে মুখ ঘুরিয়ে সরে যেতে দেখা যায়। মুহূর্তে সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই প্রশ্ন উঠেছে—তবে কি বীরভূমের এই দাপুটে নেতা দলনেত্রীর কোনও নির্দেশে অসন্তুষ্ট? রাজনৈতিক মহলের একাংশের মতে, বীরভূমে কাজল শেখ ও অনুব্রত মণ্ডলের দীর্ঘদিনের ‘ঠান্ডা লড়াই’ মেটানোর চেষ্টাই এই অস্বস্তির কারণ হতে পারে।

সূত্রের খবর, ভোটের আগে সাংগঠনিক সমন্বয়, দায়িত্ব বণ্টন এবং এলাকায় প্রভাবের ভারসাম্য বজায় রাখতে দুই নেতাকে কিছু পরামর্শ দিচ্ছিলেন মমতা। সেই দায়িত্ব ভাগাভাগির প্রস্তাবই অনুব্রতের অপছন্দ হতে পারে বলে জল্পনা।একসময় বীরভূম রাজনীতিতে অনুব্রতের কথাই ছিল শেষ কথা। কিন্তু গরু পাচার মামলায় জেলযাত্রার পর জেলা রাজনীতির ক্ষমতার সমীকরণ বদলাতে শুরু করে। তাঁর অনুপস্থিতিতে জেলা পরিষদের সভাধিপতি হিসেবে কাজল শেখের উত্থান ঘটে এবং ধীরে ধীরে বীরভূমে নতুন ক্ষমতার কেন্দ্র তৈরি হয়। অনুব্রত জেল থেকে ফেরার পরও তাঁকে জেলা সভাপতির পদে ফেরানো হয়নি; বদলে কোর কমিটির আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়।ফলে অনুব্রত–কাজল দূরত্ব যে এখনও কাটেনি, সিউড়ির মঞ্চের এই ভাইরাল মুহূর্ত যেন সেই বার্তাই আরও জোরালো করল। ছাব্বিশের ভোটের আগে বীরভূমে এই অভ্যন্তরীণ টানাপোড়েন তৃণমূলের সংগঠনে কতটা প্রভাব ফেলবে, এখন সেদিকেই নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের।

Latest