জামিন মেলেনি ক্রিকেটার অভিষেক পোড়েলের, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ
নিজস্ব সংবাদদাতা : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া বাংলার ক্রিকেটার তথা আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা অভিষেক পোড়েলের জামিনের আবেদন খারিজ করল আদালত। তিন দিনের পুলিশি হেফাজত শেষে শুক্রবার তাঁকে চুঁচুড়া আদালতে হাজির করা হলে বিচারক জামিনের আবেদন নাকচ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।অভিযোগ, এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস এবং পরে ধর্ষণ করেন অভিষেক। এই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার তাঁকে গ্রেফতার করে হুগলির মগরা থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, কর্নাটকের ওই তরুণী গত ২৩ জুন মগরা থানায় অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, প্রায় সাড়ে তিন বছর ধরে অভিষেকের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। দু’জনের মধ্যে বিয়ের কথাও ঠিক হয়েছিল। এমনকি তাঁরা একসঙ্গে বিদেশেও গিয়েছিলেন বলে অভিযোগকারী তরুণীর দাবি।তবে প্রায় দেড় বছর আগে তাঁদের সম্পর্কে সমস্যা তৈরি হয়। সেই সময় বিষয়টি থানায় গড়ালেও অভিযোগ দায়ের হয়নি। পরবর্তীতে তরুণী ফের পুলিশের দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ জানান।