Skip to content

ইংল্যান্ডে ভারতের জয়ের নায়ক শুভমন গিল, ৬ উইকেটের দাপুটে জয়ে সিরিজে এগিয়ে টিম ইন্ডিয়া!

ইংল্যান্ড ২৫৮ (৪৭.৫) | ভারত ২৬২/৪ (৪৫.২)
নিজস্ব সংবাদদাতা : ইংল্যান্ড সফরে অবশেষে জয়ের মুখ দেখল টিম ইন্ডিয়া। টি-২০ সিরিজে হতাশাজনক পারফরম্যান্সের পর তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন করল ভারত। মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শুভমন গিলের দল। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। শুরুটা ভালো হলেও ভারতীয় বোলারদের চাপে মাঝের ওভারে ধসে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং। ৪৭.৫ ওভারে ২৫৮ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা।

একসময় ইংল্যান্ডের স্কোর ছিল বিনা উইকেটে ৬১। কিন্তু এরপর মাত্র ৪৬ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। অভিষেক ম্যাচেই জোড়া উইকেট তুলে নিয়ে নজর কাড়েন গুরনুর ব্রার। যশপ্রীত বুমরাও নিয়ন্ত্রিত বোলিং করেন। পরে জো রুটলিয়াম ডসন গুরুত্বপূর্ণ জুটি গড়ে ইংল্যান্ডকে লড়াই করার মতো স্কোরে পৌঁছে দেন।

২৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের শুরুটা ছিল হতাশাজনক। রোহিত শর্মা ২১ বলে ১১ রান এবং বিরাট কোহলি মাত্র ৫ রান করে দ্রুত ফিরে যান। অষ্টম ওভারের মধ্যেই দুই অভিজ্ঞ ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে ভারত। সেখান থেকেই ইনিংসের হাল ধরেন অধিনায়ক শুভমন গিলশ্রেয়স আইয়ার। দু'জনে মিলে শতরানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলের জয়ের ভিত তৈরি করেন। গিল দুর্দান্ত ব্যাটিং করে ৭৫ বলে ৮০ রান করেন। তবে ইনিংস চলাকালীন চোট পেয়ে তাঁকে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয়।

এরপর শ্রেয়স আইয়ার ৩৫ রান করে রান আউট হন এবং কেএল রাহুল মাত্র ১ রান করে ফিরলে ম্যাচে কিছুটা উত্তেজনা তৈরি হয়। তবে ওয়াশিংটন সুন্দরঅক্ষর প্যাটেল পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ১০২ রানের জুটি গড়ে ভারতের জয় নিশ্চিত করেন। ওয়াশিংটন সুন্দর ৫২ রানে এবং অক্ষর প্যাটেল ৫৭ রানে অপরাজিত থেকে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। ভারত ৪৫.২ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ ড্র করার পর এবার একদিনের সিরিজেও জয় দিয়ে শুরু করল শুভমন গিলের নেতৃত্বাধীন ভারত। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয়ের দিকেই বড় পদক্ষেপ নিল টিম ইন্ডিয়া।

Latest