নিজস্ব সংবাদদাতা : ভারতীয় ক্রিকেটে দীর্ঘতম ঘরোয়া মরশুমের সূচি ঘোষণা করল বিসিসিআই। পুরুষ ও মহিলা বিভাগ মিলিয়ে সিনিয়র, অনূর্ধ্ব-২৩, অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-১৬ স্তরে মোট ১,৭৮৮টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। ২৩ আগস্ট বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে দলীপ ট্রফি দিয়ে শুরু হবে নতুন মরশুম।দলীপ ট্রফির পর ১ থেকে ৫ অক্টোবর শ্রীনগরে অনুষ্ঠিত হবে ইরানি কাপ। সেখানে মুখোমুখি হবে রনজি চ্যাম্পিয়ন জম্মু ও কাশ্মীর এবং রেস্ট অফ ইন্ডিয়া। ১১ অক্টোবর থেকে শুরু হবে রনজি ট্রফির প্রথম পর্ব, যা চলবে ৫ নভেম্বর পর্যন্ত। দ্বিতীয় পর্ব হবে আগামী বছরের ১৭ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। নকআউট পর্ব শেষ হবে ৩ মার্চের মধ্যে।সাদা বলের ক্রিকেটেও থাকছে ব্যস্ত সূচি। সৈয়দ মুস্তাক আলি ট্রফি হবে ১৪ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত। বিজয় হাজারে ট্রফি শুরু হবে ১৪ ডিসেম্বর এবং চলবে ৮ জানুয়ারি ২০২৭ পর্যন্ত।এবারের মরশুমে একাধিক নতুন পরিবর্তনও এনেছে বিসিসিআই। অনূর্ধ্ব-২৩ ওয়ানডে ও ভিজি ট্রফির আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা এবার থেকে টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজন করা হবে। পাশাপাশি কোচবিহার ট্রফির নকআউট ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া অনূর্ধ্ব-১৬ বিজয় মার্চেন্ট ট্রফির সূচিও পরিবর্তন করা হয়েছে, যাতে পরীক্ষার্থীরা বোর্ড পরীক্ষার আগে পর্যাপ্ত প্রস্তুতির সময় পায়।মহিলা ক্রিকেটেও থাকছে টানা ব্যস্ততা। সিনিয়র মহিলা টি-টোয়েন্টি ট্রফি শুরু হবে ২৬ অক্টোবর। অন্যদিকে মহিলা ওয়ানডে প্রতিযোগিতা হবে ১৯ ডিসেম্বর থেকে বছরের শেষ দিন পর্যন্ত।সব মিলিয়ে দেশের ঘরোয়া ক্রিকেটকে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করে তুলতেই বিসিসিআইয়ের এই বৃহৎ পরিকল্পনা বলে মনে করছে ক্রিকেটমহল।
রনজি থেকে বিজয় হাজারে, ১,৭৮৮ ম্যাচের পূর্ণ সূচি আনল বিসিসিআই