Skip to content

৪ বছরের বকেয়া ৭ দফা মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমমন্ত্রীর দপ্তরে হোসিয়ারী শ্রমিকদের স্মারকলিপি

নিজস্ব সংবাদদাতা : রাজ্যের হোসিয়ারী শিল্পে কর্মরত লক্ষাধিক শ্রমিকের ন্যূনতম মজুরি বৃদ্ধি অবিলম্বে কার্যকর করার দাবিতে মঙ্গলবার রাজ্যের শ্রমমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি জমা দিল ওয়েস্ট বেঙ্গল হোসিয়ারী মজদুর ইউনিয়ন। একইসঙ্গে শ্রম দপ্তরের অ্যাডিশনাল লেবার কমিশনার আশিষ সরকারের সঙ্গেও সাক্ষাৎ করে ইউনিয়নের পক্ষ থেকে দাবি জানানো হয়। প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ইউনিয়নের উপদেষ্টা নারায়ণ চন্দ্র নায়ক, সহকারী সম্পাদক অলোক অধিকারী-সহ অন্যান্য নেতৃত্ব। স্মারকলিপিতে ইউনিয়নের দাবি, শ্রম দপ্তর ঘোষিত হোসিয়ারী শ্রমিকদের ন্যূনতম মজুরি অনুযায়ী ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত মোট সাত দফা রেট বৃদ্ধি এখনও কার্যকর করা হয়নি। ফলে দীর্ঘদিন ধরে রাজ্যের লক্ষাধিক হোসিয়ারী শ্রমিক সরকার ঘোষিত ন্যায্য মজুরি থেকে বঞ্চিত রয়েছেন। ইউনিয়নের পক্ষ থেকে অবিলম্বে বকেয়া সাত দফা মজুরি বৃদ্ধি কার্যকর করার দাবি জানানো হয়েছে।

ইউনিয়নের উপদেষ্টা নারায়ণ চন্দ্র নায়ক বলেন, রাজ্য সরকার প্রতি বছর জানুয়ারি ও জুলাই মাসে বিভিন্ন ক্ষেত্রের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ঘোষণা করে। সেই অনুযায়ী গত চার বছরে সাতবার হোসিয়ারী শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি হলেও বাস্তবে অধিকাংশ শ্রমিক সেই সুবিধা পাননি। বিষয়টি নিয়ে একাধিকবার শ্রম দপ্তরের দ্বারস্থ হওয়া হয়েছে এবং বৈঠকও হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁর। ইউনিয়নের দাবি, শ্রমমন্ত্রীর উপস্থিতিতে উৎপাদনকারী সংস্থার মালিকদের সংগঠন, মেকার মালিকদের সংগঠন এবং সমস্ত শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে জরুরি ভিত্তিতে একটি ত্রিপাক্ষিক বৈঠক ডেকে দ্রুত মজুরি বৃদ্ধি কার্যকর করতে হবে।ইউনিয়নের বক্তব্য, কলকাতা, পূর্ব মেদিনীপুর-সহ রাজ্যের একাধিক জেলায় কয়েক হাজার হোসিয়ারী কারখানায় লক্ষাধিক শ্রমিক কর্মরত। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মহিলা শ্রমিক রয়েছেন এবং কোথাও কোথাও শিশু শ্রমের অভিযোগও রয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই শ্রমিকরা সরকার ঘোষিত ন্যূনতম মজুরি পান না। পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড (PF), ইএসআই (ESI)-সহ শ্রম আইনে নির্ধারিত বিভিন্ন সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া বহু কারখানায় অস্বাস্থ্যকর ও দুর্গন্ধযুক্ত পরিবেশে শ্রমিকদের কাজ করতে বাধ্য করা হচ্ছে বলেও ইউনিয়নের দাবি।এই পরিস্থিতিতে শ্রমিকদের ন্যায্য অধিকার ও প্রাপ্য নিশ্চিত করতে রাজ্য সরকারের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল হোসিয়ারী মজদুর ইউনিয়ন।

Latest