নিজস্ব সংবাদদাতা : বাংলার নতুন বছরকে সামনে রেখে পরিবর্তনের বার্তা আরও জোরালো করলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। পয়লা বৈশাখের শুভ সূচনায় খোল-কীর্তনের তালে নেচে, কর্মী-সমর্থকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি অংশ নিলেন এক বিশেষ নববর্ষ শোভাযাত্রায়, যা ঘিরে খড়্গপুরে তৈরি হয় উৎসবমুখর আবহ।এই বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয় খড়্গপুর কলেজ থেকে, শেষ হয় খড়্গপুর থানার সামনে। নববর্ষ উপলক্ষে আয়োজিত এই বিশেষ পদযাত্রার সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল—পুরো অনুষ্ঠানটি ছিল মহিলা পরিচালিত। টোটো প্রচার থেকে শুরু করে শোভাযাত্রার সুষ্ঠু ব্যবস্থাপনা, এমনকি শেষের সাংস্কৃতিক অনুষ্ঠান পর্যন্ত সবকিছুই দক্ষতার সঙ্গে সামলেছেন মহিলারা।

বিজেপি শিবিরের দাবি, এই আয়োজনের মাধ্যমে মাতৃশক্তির সংগঠন দক্ষতা ও নেতৃত্বের ক্ষমতা স্পষ্টভাবে সামনে এসেছে। দলের কর্মীদের কথায়, আজকের এই উদ্যোগ প্রমাণ করে দিল—নারীরা কোনও অংশেই পিছিয়ে নেই, বরং রাজনৈতিক ও সাংস্কৃতিক মঞ্চে তাঁরাই হতে পারেন পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি।১৪৩৩ বঙ্গাব্দের শুভ সূচনা লগ্নে এই শোভাযাত্রা থেকে বিজেপির পক্ষ থেকে তুলে ধরা হয় নতুন অঙ্গীকার—“নতুন সরকার, নতুন বাংলা”। নববর্ষের উৎসবের আবহে সেই রাজনৈতিক বার্তাই ছড়িয়ে পড়ল খড়্গপুরের রাস্তায় রাস্তায়।