Skip to content

সাংসদ দেবের গ্রামেই উন্নয়নের অভিযোগ, কেশপুরে বিক্রম অধিকারীর বাড়ি ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা!

অভিজিৎ সাহা : ভোটের আবহে কেশপুরে নতুন করে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এলেন ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা Deepak Adhikari (Dev)। তাঁর গ্রামের বাড়ি ঘিরে উন্নয়নহীনতার অভিযোগ সামনে আসতেই রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। এই ইস্যুকে হাতিয়ার করে বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্ত সরাসরি পৌঁছে যান সাংসদের আত্মীয়ের বাড়িতে এবং সেখান থেকেই শাসকদলের বিরুদ্ধে তীব্র আক্রমণ ।জানা গিয়েছে, কেশপুর ব্লকের মহিষদা গ্রামে সাংসদের পৈতৃক ভিটে থাকলেও কর্মসূত্রে তিনি কলকাতায় থাকেন। গ্রামে বসবাস করেন তাঁর আত্মীয়স্বজনেরা। তাঁদের মধ্যেই রয়েছেন সাংসদের কাকাতো ভাই বিক্রম অধিকারী, যিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্ত-এর দাবি, বিক্রম অধিকারীর বসবাসযোগ্য ঘর প্রায় ভগ্নপ্রায়।

দীর্ঘদিন ধরে প্রশাসনের দ্বারস্থ হলেও তিনি নাকি পাননি আবাস যোজনার সুবিধা, এমনকি শৌচালয় বা ন্যূনতম পরিকাঠামোগত সহায়তাও মেলেনি। তাঁর আরও অভিযোগ, সাংসদের আত্মীয়ের বাড়িতেই যদি উন্নয়ন না পৌঁছয়, তাহলে সাধারণ মানুষের অবস্থার সহজেই আন্দাজ করা যায়।প্রচার অভিযানে গিয়ে বিক্রম অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন বিজেপি প্রার্থী। অভিযোগ, তাঁর বাড়িতে পৌঁছানোর জন্য উপযুক্ত রাস্তা পর্যন্ত নেই; পুকুরপাড় ঘেঁষে সরু ও অপরিকল্পিত পথ দিয়েই যাতায়াত করতে হয়।এই পরিস্থিতিতে শুভেন্দু সামন্ত আশ্বাস দেন, রাজ্যে রাজনৈতিক পরিবর্তন ঘটলে প্রথমেই বিক্রম অধিকারীর জন্য পাকা বাড়ি নির্মাণ, পানীয় জল ও রাস্তা সহ প্রয়োজনীয় সমস্ত পরিকাঠামো গড়ে তোলা হবে।অন্যদিকে বিক্রম অধিকারীর বক্তব্য, বহুবার সরকারি সহায়তার আশ্বাস মিললেও বাস্তবে এখনও কিছুই পাননি তিনি। বিজেপি প্রার্থীর আশ্বাসে তিনি কিছুটা আশাবাদী হলেও বাস্তবিক সুবিধা না পাওয়া পর্যন্ত অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।তবে এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Latest