সেখ ওয়ারেশ আলী : প্রথম দফার বিধানসভা নির্বাচন আর হাতে গোনা কয়েকদিন। তার আগেই ভোটারদের মধ্যে আস্থা বাড়াতে এবং শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে তৎপরতা বাড়িয়েছে প্রশাসন। বৃহস্পতিবার, ১৬ এপ্রিল রাত প্রায় ৮টা নাগাদ মেদিনীপুর শহরের মুসলিমকুটি চক থেকে মির্জা মহল্লা পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে রুটমার্চে নামেন জেলাশাসক বিজিন কৃষ্ণ এবং পুলিশ সুপার পাপিয়া সুলতানা।রুটমার্চ চলাকালীন তাঁরা বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং ভোট নিয়ে কোনওরকম আতঙ্ক না থাকার বার্তা দেন। পুলিশ সুপার স্পষ্টভাবে জানান, ভয়মুক্ত ও হিংসামুক্ত পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করাই প্রশাসনের মূল লক্ষ্য।পাপিয়া সুলতানা বলেন, “মেদিনীপুরে এবার সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ভোট হবে। কোথাও কোনও সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে আমাদের টোল-ফ্রি নম্বর বা অফিসিয়াল নম্বরে যোগাযোগ করুন, পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে।” তিনি আরও জানান, নির্বাচন কমিশনের নির্দেশ মেনে সর্বত্র কড়া নজরদারি চালানো হচ্ছে, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।