নিজস্ব সংবাদদাতা : আইপিএল ২০২৬-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্টস। প্লে-অফের দৌড় থেকে লখনউ সুপার জায়ান্টস ছিটকে গেলেও মরশুম শেষের আগে সম্মান রক্ষার লড়াইয়ে নামছে তারা। রাজস্থানের নেতৃত্বে রয়েছেন রিয়ান পরাগ, অন্যদিকে লখনউকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ। রাজস্থানের জন্য বড় সুখবর, এই ম্যাচে দলে ফিরতে পারেন অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা।

গত কয়েক ম্যাচে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই ধারাবাহিকতার অভাব দেখা গিয়েছে রাজস্থানের খেলায়। প্রথম ভাগে ভালো খেললেও দ্বিতীয়ার্ধে এসে ছন্দ হারিয়েছে দলটি। তাই শেষ ম্যাচগুলিতে জয় তুলে নিয়ে মরশুম শেষ করাই এখন লক্ষ্য। অন্যদিকে লখনউ সুপার জায়ান্টসের ক্ষেত্রেও এই ম্যাচ যথেষ্ট গুরুত্বপূর্ণ। যদিও প্লে-অফে ওঠার সুযোগ নেই, তবুও আগামী মরশুমের আগে খেলোয়াড়দের নিজেদের প্রমাণ করার বড় মঞ্চ এটি। বিশেষ করে মিচেল মার্শ, নিকোলাস পুরান ও এইডেন মার্করামের মতো তারকারা ভালো পারফরম্যান্স করতে মরিয়া থাকবেন। দুই দলই মরশুমের শেষদিকে নিজেদের সেরাটা দিতে চাইবে। ফলে জয়পুরে একটি হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

সম্ভাব্য রাজস্থান রয়্যালস একাদশ:
যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রিয়ান পরাগ (অধিনায়ক), রবীন্দ্র জাডেজা, ডোনোভান ফেরেইরা, দাসুন শানাকা, শুভম দুবে, জফরা আর্চার, অ্যাডাম মিলনে, ব্রিজেশ শর্মা।

সম্ভাব্য লখনউ সুপার জায়ান্টস একাদশ:
মিচেল মার্শ, জস ইংলিস, নিকোলাস পুরান, এইডেন মার্করাম, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটরক্ষক), আব্দুল সামাদ, শাহবাজ আহমেদ, মহম্মদ শামি, মায়াঙ্ক যাদব, আকাশ মহারাজ সিং, প্রিন্স যাদব।
