Skip to content

মেদিনীপুরে ভোটের আগে হলফনামা বিতর্কে তুঙ্গে রাজনীতি, সুজয় হাজরার প্রার্থীপদ বাতিলের দাবি বিজেপির!

সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে ভোটের প্রাক্কালে এক গুরুতর অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা-র বিরুদ্ধে নমিনেশনের হলফনামায় তথ্য গোপনের অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইত। এই ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে।বিজেপির অভিযোগ, গত ২ এপ্রিল নমিনেশন জমা দেওয়ার সময় সুজয় হাজরা যে হলফনামা দাখিল করেন, তাতে তাঁর ব্যবসায়িক সংযোগ এবং আয়ের উৎস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখা হয়েছে।

শঙ্কর গুছাইতের দাবি, সুজয় হাজরা একটি লাভজনক পার্টনারশিপ ফার্মের সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও হলফনামায় উল্লেখ করেছেন যে তাঁর কোনও পার্টনারশিপ ব্যবসা নেই। শুধু তাই নয়, আয়ের পরিসংখ্যানেও অসঙ্গতি ও বিভ্রান্তিকর তথ্য রয়েছে বলেও অভিযোগ।এই অভিযোগের সমর্থনে একাধিক প্রাসঙ্গিক নথি সংবাদমাধ্যমের সামনে তুলে ধরে তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছে বিজেপি। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে পশ্চিম মেদিনীপুরের জেলা নির্বাচন আধিকারিক (DEO)-এর কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বিজেপির বক্তব্য, এটি শুধু ভোটারদের সঙ্গে নয়, নির্বাচন কমিশনের সঙ্গেও প্রতারণার শামিল।আইন বিশেষজ্ঞ তীর্থঙ্কর ভকত জানান, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন করা অত্যন্ত গুরুতর অপরাধ। অভিযোগ প্রমাণিত হলে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন বাতিল করার মতো কঠোর পদক্ষেপও নিতে পারে।অন্যদিকে, সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। তাঁর বক্তব্য, নির্বাচন কমিশনের পক্ষ থেকে যদি কোনও নোটিশ পাঠানো হয়, তবে তাঁর আইনজীবী যথাযথভাবে তার জবাব দেবেন।ভোটের আর মাত্র কয়েকদিন বাকি। তার মধ্যেই এই হলফনামা বিতর্ক ঘিরে মেদিনীপুরের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। ফলে এই কেন্দ্রের নির্বাচনী লড়াই যে আরও টানটান ও হাইভোল্টেজ হতে চলেছে, তা বলাই বাহুল্য।

Latest