নিজস্ব সংবাদদাতা : পূর্ব বর্ধমানের জামালপুরের বত্রিশবিঘার বাসিন্দা শতায়ু শেখ ইব্রাহিমের ভোটদান ঘিরে উঠে এল প্রশাসনিক জটিলতার ছবি। ১৩৮ নম্বর বুথের এই প্রবীণ ভোটারের বয়স এখন ১০৪ বছর। তবুও, ভোটাধিকার প্রয়োগ করতে শেষ পর্যন্ত তাঁকে নিজে গিয়ে ভোটকেন্দ্রে হাজির হতে হয়।সূত্রের খবর, এসআইআর শুনানির জন্য প্রথমে তাঁকে বিডিও অফিসে ডাকা হয়েছিল। পরে অবশ্য বাড়িতেই গিয়ে সেই শুনানি সম্পন্ন করা হয়। যদিও তাঁর নাম প্রথমে বিবেচনাধীন তালিকায় ছিল, পরে সাপ্লিমেন্টারি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।অন্যদিকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে বাড়িতে ভোটগ্রহণের তালিকা পাঠানো হয়েছিল, সেখানে তাঁর নাম ছিল না। ফলে বিশেষ সুবিধা না পেয়ে শেষ পর্যন্ত প্রশাসনের উদ্যোগেই গাড়ি পাঠিয়ে তাঁকে বত্রিশবিঘা প্রাথমিক স্কুলের বুথে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।