সেখ ওয়ারেশ আলী : প্রথম দফার নির্বাচনের আগে শেষ রবিবারের প্রাক্কালে রাজ্যের রাজনৈতিক উত্তাপ যখন চরমে, তার আগেই শনিবার বাংলার মাটিতে প্রচারে ঝড় তুললেন প্রধানমন্ত্রী Narendra Modi। পশ্চিম মেদিনীপুরের বেলদা মাঠে জনসভা থেকে শাসকদল তৃণমূল কংগ্রেসকে একের পর এক ইস্যুতে নিশানা করেন তিনি।বক্তব্যে উঠে আসে একাধিক প্রতিশ্রুতি ও অভিযোগ। মোদীর দাবি, বাংলায় বিজেপি সরকার গঠিত হলে সাধারণ মানুষের জন্য নিয়মিত ভাতা ও আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে। পাশাপাশি, চাকরির নামে হাজার হাজার যুবকের সঙ্গে যে প্রতারণা হয়েছে, তার হিসাব নেওয়া হবে বলেও সতর্কবার্তা দেন তিনি।সরকারি কর্মচারীদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আপনারাই সরকারের হাত-পা, চোখ-কান।

এতদিন আপনাদের ভয় দেখিয়ে রাখা হয়েছে, সেই ভয় দূর করা হবে।” সুযোগ পেলে তাঁদের সপ্তম পে কমিশনের আওতায় আনার প্রতিশ্রুতিও দেন তিনি।গ্রামোন্নয়নের প্রসঙ্গেও বড় ঘোষণা শোনা যায় তাঁর বক্তব্যে। জানানো হয়, গ্রামে ১২৫ দিনের কাজের নিশ্চয়তা দেওয়া হবে এবং তথাকথিত ‘সিন্ডিকেট রাজ’ থেকে সাধারণ মানুষকে মুক্তি দেওয়া হবে।তৃণমূলকে আক্রমণ করে মোদী আরও অভিযোগ করেন, রাজ্যের শাসকদল শুধুমাত্র নিজেদের ভোটব্যাঙ্ক রক্ষায় ব্যস্ত এবং অনুপ্রবেশকারীদের স্বার্থকেই প্রাধান্য দেয়।

কুড়মি সমাজ-সহ একাধিক সম্প্রদায়কে দীর্ঘদিন অবহেলা করার অভিযোগও তোলেন তিনি।মহিলাদের উন্নয়ন নিয়েও একাধিক প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। মেয়েদের উচ্চশিক্ষার জন্য বিশেষ প্রকল্প চালুর কথা বলেন, যেখানে Sukanya Samriddhi Yojana-র মতো উদ্যোগের মাধ্যমে আর্থিক সহায়তা ও সামাজিক মর্যাদা বৃদ্ধির কথা তুলে ধরেন। একই সঙ্গে অভিযোগ করেন, তৃণমূল মহিলা-বিরোধী মনোভাব পোষণ করে এবং মহিলা সংরক্ষণ বিল কার্যকর করতে অনীহা দেখিয়েছে।সব মিলিয়ে, বিজেপি সরকার গঠিত হলে নারী, যুবক, কৃষক ও সরকারি কর্মচারী—সব শ্রেণির মানুষের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেই মঞ্চ থেকে ‘গ্যারান্টি’ দেন প্রধানমন্ত্রী।