নিজস্ব সংবাদদাতা : আইপিএলের প্লেঅফের দৌড়ে এখনও টিকে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। যদিও শেষ চারে পৌঁছতে গেলে একাধিক সমীকরণের উপর নির্ভর করতে হবে কেকেআরকে। তবে এই চাপের মধ্যেই বড় সুখবর এল নাইট শিবিরে। ভারতীয় এ দলে সুযোগ পেলেন কেকেআরের অলরাউন্ডার অনুকূল রায়।বিসিসিআইয়ের তরফে শ্রীলঙ্কায় আয়োজিত হতে চলা ত্রিদেশীয় সিরিজের জন্য ভারতীয় এ দলে ডাকা হয়েছে ঝাড়খণ্ডের এই বাঁহাতি অলরাউন্ডারকে। আগামী ৯ জুন থেকে ২১ জুন পর্যন্ত শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে এই সিরিজ। ভারত ও শ্রীলঙ্কার পাশাপাশি অংশ নেবে আফগানিস্তানও।ঘরোয়া ক্রিকেটে গত কয়েক মাসে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন অনুকূল। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হন তিনি। পাশাপাশি বিজয় হাজারে ট্রফি ও রঞ্জি ট্রফিতেও নজরকাড়া পারফরম্যান্স করেছেন। আইপিএলে সেভাবে বেশি সুযোগ না পেলেও, কেকেআরের হয়ে পাওয়া সীমিত সুযোগকে কাজে লাগিয়েছেন অনুকূল। তারই পুরস্কার হিসেবে এবার ভারতীয় এ দলের ডাক এল তাঁর ঝুলিতে।প্রথমে এই দলে সুযোগ পেয়েছিলেন হর্ষ দুবে। পরে তাঁকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করায় তাঁর জায়গাতেই অনুকূলকে নেওয়া হয়েছে। তিলক বর্মার নেতৃত্বাধীন এই দলে রয়েছেন বৈভব সূর্যবংশী, রিয়ান পরাগ, প্রিয়াংশ আর্যদের মতো তরুণ তারকারা। ফলে আন্তর্জাতিক মঞ্চে নিজের ছাপ রাখার বড় সুযোগ পাচ্ছেন নাইট অলরাউন্ডার।
নাইট শিবিরে খুশির হাওয়া, ভারতীয় দলে ডাক পেলেন এই অলরাউন্ডার