নিজস্ব সংবাদদাতা : West Bengal Assembly Election 2026-এর দ্বিতীয় দফার ভোটের আগে শেষ রবিবার উত্তপ্ত হয়ে উঠল হাওড়া। উত্তর হাওড়ার লিলুয়ার বি রোড এলাকায় ভারতীয় জনতা পার্টি-র রোডশোকে কেন্দ্র করে শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে লাঠিচার্জ করতে হয়।জানা গিয়েছে, উত্তর হাওড়ার বিজেপি প্রার্থী উমেশ রাই-এর সমর্থনে এই রোডশোর আয়োজন করা হয়েছিল। প্রচারে অংশ নিতে উপস্থিত ছিলেন অভিনেতা ও বিজেপি সাংসদ রবি কিশান।

মিছিলটি লিলুয়ার বি রোড দিয়ে অগ্রসর হওয়ার সময়ই উত্তেজনার সূত্রপাত। স্থানীয় সূত্রে খবর, ওই এলাকায় তৃণমূল কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। এর পাল্টা হিসেবে বিজেপি সমর্থকরাও স্লোগান দিতে শুরু করলে পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে।স্লোগান-পাল্টা স্লোগান থেকে শুরু হয়ে তা হাতাহাতি ও সংঘর্ষে গড়ায়। দুই পক্ষের ধস্তাধস্তিতে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী হস্তক্ষেপ করে এবং লাঠিচার্জের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভোটের আগে এই সংঘর্ষ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।