Skip to content

ভোটের দায়িত্বেই মৃত্যু? বাঁকুড়ায় গরমে অসুস্থ হয়ে বিএলও-র মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য!

নিজস্ব সংবাদদাতা : প্রবল গরমের মধ্যে ভোটের দায়িত্ব পালন করতে গিয়ে এক বিএলও-র মৃত্যুর অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ায়। পরিবারের দাবি, নির্বাচনের দিন লাগাতার কাজ, তীব্র রোদ এবং পর্যাপ্ত পানীয় জলের অভাবেই অসুস্থ হয়ে পড়েন ওই কর্মী, যার জেরেই শেষমেশ মৃত্যু হয়।মৃতার নাম শম্পা লাই পরামানিক। তিনি বাঁকুড়ার মৌলাডাঙ্গা এলাকার বাসিন্দা এবং আইসিডিএস কর্মী হিসেবে কাজ করতেন। শনিবার সকালে অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

পরিবার সূত্রে অভিযোগ, ভোটের দিন সারাদিন বুথের বাইরে প্রবল গরমে দায়িত্ব পালন করতে হয়েছিল তাঁকে। সেই সময় পর্যাপ্ত জল বা বিশ্রামের সুযোগ পাননি। বাড়ি ফেরার পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে—বমি ও অসুস্থতা বাড়তে থাকে। প্রথমে বাড়িতেই চিকিৎসা চললেও শনিবার সকালে অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।উল্লেখ্য, চলতি বিধানসভা নির্বাচনে বুথভিত্তিক বিভিন্ন দায়িত্বে বিএলওদের নিযুক্ত করে ভারত নির্বাচন কমিশন। সেই নির্দেশ মেনেই বাঁকুড়া টাউন বয়েজ হাইস্কুলের একটি বুথে দায়িত্ব পালন করছিলেন শম্পা পরামানিক।এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েছে পরিবার ও স্থানীয় বিএলও মহল। তাঁদের অভিযোগ, নির্বাচনী কাজে নিযুক্ত কর্মীদের জন্য ন্যূনতম মানবিক পরিকাঠামো ও নিরাপত্তার অভাব রয়েছে। এই মৃত্যুর ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।

Latest