জঙ্গলমহলে সাইবার প্রতারণা চক্রের হদিস,৭২ কোটি টাকার সাইবার প্রতারণার জাল ফাঁস, বাঁকুড়ায় গ্রেফতার ৭!

জঙ্গলমহলে সাইবার প্রতারণা চক্রের হদিস,৭২ কোটি টাকার সাইবার প্রতারণার জাল ফাঁস, বাঁকুড়ায় গ্রেফতার ৭!

নিজস্ব সংবাদদাতা : দেশজুড়ে ছড়িয়ে থাকা সাইবার প্রতারণার এক বড় চক্রের পর্দাফাঁস করল বাঁকুড়া জেলা পুলিশ। অভিযোগ, প্রায় ৭২ কোটি টাকার সাইবার প্রতারণার সঙ্গে যোগ রয়েছে এই চক্রের। ঘটনায় বাঁকুড়ার জঙ্গলমহল এলাকা থেকে সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ব্যাঙ্ক সংক্রান্ত নথি ও ইলেকট্রনিক সামগ্রী। পুলিশের দাবি, উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ৩৪টি ব্যাঙ্ক পাসবুক, ১৩টি ATM কার্ড, ৯টি চেকবই, ৮টি মোবাইল ফোন, একটি ট্যাব এবং একাধিক জাল স্ট্যাম্প

এছাড়াও উদ্ধার হয়েছে বেশ কিছু আধার কার্ড।সোমবার সাংবাদিক বৈঠকে বাঁকুড়ার পুলিশ সুপার পিভিজি সতীশ এই সাইবার প্রতারণা চক্রের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালের পক্ষ থেকে বাঁকুড়া জেলাকে সাইবার অপরাধের একটি সম্ভাব্য হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়।

দেশের বিভিন্ন প্রান্তে সংঘটিত কোটি কোটি টাকার সাইবার প্রতারণার অর্থের একটি অংশ বাঁকুড়া জেলার একাধিক ATM-এর মাধ্যমে লেনদেন করা হয়েছে বলে তদন্তে উঠে আসে।

এরপরই বিষয়টি নিয়ে বাঁকুড়া জেলা পুলিশকে সতর্ক করা হয়। শুরু হয় নিবিড় তদন্ত এবং নজরদারি। সেই তদন্তের সূত্র ধরেই জঙ্গলমহল এলাকা থেকে একে একে সাতজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

তদন্তকারীদের অনুমান, ধৃতদের সঙ্গে আরও বড় কোনও আন্তঃরাজ্য সাইবার প্রতারণা চক্রের যোগ থাকতে পারে। উদ্ধার হওয়া মোবাইল, ট্যাব, ব্যাঙ্ক নথি এবং অন্যান্য সামগ্রী খতিয়ে দেখে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং প্রতারণার টাকা কোথায় কোথায় লেনদেন হয়েছে, তা জানার চেষ্টা চলছে।