নিজস্ব সংবাদদাতা : কয়লা কেলেঙ্কারি মামলার তদন্তে বড় পদক্ষেপ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। I-PAC-এর অন্যতম পরিচালক ও সহ-প্রতিষ্ঠাতা ভিনেশ চান্ডেলকে দিল্লি থেকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ১৩ই এপ্রিল সোমবার গভীর রাতে তাঁকে আটক করা হয় বলে সূত্রের খবর। ‘বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন’ (PMLA)-এর আওতায় এই গ্রেফতারি হয়েছে বলে জানা গিয়েছে। ১৪ই এপ্রিল মঙ্গলবার সকালে ইডি জানায়, দিল্লির একটি বিশেষ আদালত ভিনেশ চান্ডেলকে ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে। কয়লা পাচার ও বেআইনি আর্থিক লেনদেনের সঙ্গে তাঁর যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই এই হেফাজত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে তদন্তকারী মহল।এই গ্রেফতারিকে ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক Abhishek Banerjee কড়া প্রতিক্রিয়া জানিয়ে বিজেপিকে সরাসরি আক্রমণ করেছেন। নিজের X (প্রাক্তন টুইটার) হ্যান্ডেলে দীর্ঘ পোস্টে তিনি লেখেন, “ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না।” তাঁর অভিযোগ, ভোটের আগে বিরোধী শিবিরকে চাপে ফেলতেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

রাজনৈতিক মহলের একাংশের মতে, নির্বাচনের প্রাক্কালে I-PAC-এর শীর্ষ কর্তাকে গ্রেফতার করা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। বিশেষ করে বাংলার ভোট-রাজনীতিতে I-PAC-এর সক্রিয় ভূমিকা থাকায় এই ঘটনাকে ঘিরে জল্পনা আরও বেড়েছে। আগামী কয়েক দিনে তদন্ত কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।