বেআইনি বালি পরিবহণে কড়া পুলিশ, গঙ্গাজলঘাঁটিতে আটক ৩ ট্রাক

বেআইনি বালি পরিবহণে কড়া পুলিশ, গঙ্গাজলঘাঁটিতে আটক ৩ ট্রাক

নিজস্ব সংবাদদাতা:বেআইনি বালি পরিবহণ রুখতে ফের বড়সড় সাফল্য পেল গঙ্গাজলঘাঁটি থানার পুলিশ। রাতের নাকা চেকিং চলাকালীন বৈধ নথিপত্র ছাড়া বালি পরিবহণের অভিযোগে তিনটি বালি বোঝাই ট্রাক আটক করা হয়েছে।মঙ্গলবার রাতে গঙ্গাজলঘাঁটি থানার ঘনশ্যামপুর মোড়ে পুলিশের পক্ষ থেকে নাকা চেকিং চালানো হচ্ছিল। গঙ্গাজলঘাঁটি থানার আইসি সুদীপ ঘোষালের নেতৃত্বে চলা ওই অভিযানে সন্দেহভাজন বালি বোঝাই গাড়িগুলিকে দাঁড় করিয়ে কাগজপত্র পরীক্ষা করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, আটক তিনটি ট্রাকের চালকদের কাছে বালি তোলার বৈধ অনুমতিপত্র (সিও) এবং প্রয়োজনীয় নথিপত্র ছিল না। এরপরই তিনটি ট্রাক আটক করে পুলিশ। প্রয়োজনীয় নথিভুক্তিকরণের পর ট্রাকগুলিকে DTOA পার্কিংয়ে রাখা হয়েছে।অবৈধভাবে বালি পরিবহণের অভিযোগে আটক গাড়িগুলির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।বেআইনি বালি কারবারের বিরুদ্ধে পুলিশের এই ধারাবাহিক অভিযানকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন এলাকার বাসিন্দারা। বিশেষ করে রাতের দিকে নাকা চেকিং জোরদার করে বালি বোঝাই গাড়ির নথিপত্র পরীক্ষা করায় বেআইনি কারবারে যুক্তদের মধ্যে সতর্কতা তৈরি হয়েছে।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বালি পরিবহণে নিয়মভঙ্গ এবং বেআইনি কারবারের বিরুদ্ধে আগামী দিনেও নজরদারি ও নাকা চেকিং অব্যাহত থাকবে।