Skip to content

ভোটে অশান্তি রুখতে কড়া নজরদারি—হুগলিতে ট্রাবল মেকারদের হেফাজতে, জারি কড়াকড়ি নিয়ম!

নিজস্ব সংবাদদাতা : ভোটের দিন অশান্তি রুখতে কঠোর অবস্থান নিল হুগলি প্রশাসন। সম্ভাব্য গোলমাল এড়াতে এলাকার একাধিক ‘ট্রাবল মেকার’-কে ইতিমধ্যেই হেফাজতে নেওয়া হয়েছে, বাকিদের প্রতিদিন থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার সাংবাদিক বৈঠকে এই তথ্য জানায় জেলা প্রশাসন।West Bengal Assembly Election 2026-এর দ্বিতীয় দফায় আগামী ২৯ এপ্রিল হুগলিতে ভোটগ্রহণ। তার আগে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে তৎপর প্রশাসন।

এই প্রসঙ্গে সাংবাদিক বৈঠক করেন জেলাশাসক খুরশিদ আলি কাদরী এবং চন্দননগর পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব।জেলাশাসক খুরশিদ আলি কাদরী জানান, ভোটের দিন পোলিং স্টেশনের ১০০ মিটারের মধ্যে শুধুমাত্র বৈধ ভোটারদের উপস্থিতি অনুমোদিত থাকবে। বুথের ভিতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। প্রয়োজনে বুথের বাইরে ‘মোবাইল কর্নার’-এ ফোন জমা রেখে তবেই ভোট দিতে যেতে হবে। নিয়ম ভাঙলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি।এছাড়া, ভোটের দিন ১৬৩ ধারা জারি থাকবে। কোনও রাজনৈতিক দলের ক্যাম্প বুথের ২০০ মিটারের বাইরে করতে হবে এবং সেখানে নির্দিষ্ট সংখ্যার বেশি কর্মী থাকতে পারবেন না।নিরাপত্তা আরও জোরদার করতে জেলার বিভিন্ন হোটেলেও আচমকা তল্লাশি চালানো হবে। অন্য এলাকা থেকে কেউ এসে গোলমাল পাকানোর চেষ্টা করছে কি না, তা খতিয়ে দেখতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।জেলাশাসক খুরশিদ আলি কাদরীর কথায়, “অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত।” ভোটের আগে এই কড়াকড়ি ব্যবস্থায় জেলায় আইনশৃঙ্খলা বজায় রাখার বার্তাই স্পষ্ট করে দিল প্রশাসন।

Latest