Skip to content

বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের নতুন কারখানা, ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগে ৭৫ হাজার কর্মসংস্থানের লক্ষ্য!

নিজস্ব সংবাদদাতা : রাজ্যে নতুন সরকার গঠনের মাত্র দুই মাসের মধ্যেই শিল্পায়নের পথে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। ডানকুনি ও লাক্স কোজির প্রকল্পের পর এবার বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের নতুন উৎপাদন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এবং পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিক ও শিল্প সংস্থার প্রতিনিধিরা।

শ্যাম স্টিল কর্তৃপক্ষের দাবি, নতুন এই শিল্প ইউনিট চালু হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি এই প্রকল্পকে ঘিরে একাধিক অনুসারী (অ্যানসিলারি) শিল্প গড়ে ওঠার সম্ভাবনাও রয়েছে। ফলে বাঁকুড়া ও সংলগ্ন জেলার শিল্পোন্নয়ন, ব্যবসা-বাণিজ্য এবং আর্থ-সামাজিক পরিস্থিতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করা হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিল্পমন্ত্রী তাপস রায় শিল্পসমৃদ্ধ বাংলা গড়ার লক্ষ্যে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি বলেন, বাংলার যুবকদের কাজের খোঁজে অন্য রাজ্যে যেতে হবে কেন—সেই পরিস্থিতির পরিবর্তনই সরকারের অন্যতম লক্ষ্য। পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে এনে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সরকার বদ্ধপরিকর বলেও তিনি জানান।

শিল্পমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, মুখ্যমন্ত্রীর নির্দেশে যুদ্ধকালীন তৎপরতায় শিল্পোন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে। আগামী পাঁচ বছরে শিল্পক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন আনার লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে। তিনি আরও জানান, এই শিল্প উদ্যোগকে কেন্দ্র করে মোট প্রায় ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১০ হাজার কোটি টাকা ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (MSME) খাতে বিনিয়োগ করা হবে। সরকারের দাবি, এই প্রকল্পগুলির মাধ্যমে মোট প্রায় ৭৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে।

শিল্পমন্ত্রী বলেন, “আমাদের লক্ষ্য শিল্পসমৃদ্ধ বাংলা গড়ে তোলা। কর্মসংস্থান বাড়িয়ে বাংলার অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে। আগামী দিনে শিল্প ও বিনিয়োগের ক্ষেত্রে পশ্চিমবঙ্গকে দেশের অন্যতম অগ্রণী রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করাই আমাদের উদ্দেশ্য।”রাজ্য সরকারের মতে, নতুন এই শিল্প প্রকল্প শুধু কর্মসংস্থানই বাড়াবে না, পাশাপাশি বাঁকুড়া জেলার সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Latest