নিজস্ব সংবাদদাতা : সিউড়িতে পদ্ম ফোটালেন বিজেপির প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। প্রাক্তন সাংবাদিক হিসেবে পরিচিত জগন্নাথের রাজনৈতিক অভিষেকেই নজরকাড়া সাফল্য। সঙ্ঘ পরিবারের ভাবধারা ও খবরের জন্য পরিচিত সাপ্তাহিক ‘স্বস্তিকা’ পত্রিকায় সাংবাদিকতা দিয়ে তাঁর কর্মজীবনের সূচনা।
এরপর দীর্ঘ ২৫ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন তিনি।তাঁর কথায়, “দীর্ঘ সাংবাদিকতা জীবন ছেড়ে ভোটের রাজনীতিতে আসব কি না, সেই সিদ্ধান্ত নিতে সময় লেগেছিল মাত্র ৭-৮ ঘণ্টা।” আর সেই ঝুঁকির ফল মিলল প্রথম নির্বাচনী লড়াইতেই।তবে জয়ের উচ্ছ্বাসের মাঝেও স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি—কোনও পরিস্থিতিতেই যেন হিংসার পথে না হাঁটা হয়। জগন্নাথের অভিযোগ, কিছু রাজনৈতিক দল পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত লোকজন জড়ো করছে। তবে তাঁর দৃঢ় মন্তব্য, “এবার এসব করে গণনায় গণ্ডগোল সৃষ্টি করা যাবে না।”