তারাপীঠে হোটেলে ভয়াবহ আগুন, মর্মান্তিক মৃত্যু ৭ পুণ্যার্থীর! আতঙ্কে তীর্থনগরী!

তারাপীঠে হোটেলে ভয়াবহ আগুন, মর্মান্তিক মৃত্যু ৭ পুণ্যার্থীর! আতঙ্কে তীর্থনগরী!

প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায় : ১৭ই আগস্ট সোমবার সকালে ৪:৪৫নাগাদ তারাপীঠ মন্দিরের সামনে একটি বেসরকারি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে কমপক্ষে ৭ জন পুণ্যার্থীর। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। ছুটির দিনে এমন মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে মন্দির সংলগ্ন ওই হোটেলের একতলায় আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত উপরের তলাগুলিতে ছড়িয়ে পড়ে। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় হোটেলের একাংশ। সেই সময় বিভিন্ন ঘরে ঘুমিয়ে ছিলেন দূরদূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা। আগুন ও ধোঁয়ার কারণে অনেকেই ঘরের ভিতর আটকে পড়েন।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় তারাপীঠ থানার পুলিশ এবং দমকলের একাধিক ইঞ্জিন। দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর পাশাপাশি হোটেলের ভিতরে আটকে থাকা পুণ্যার্থীদের উদ্ধারের কাজ শুরু করেন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

উদ্ধার করা পুণ্যার্থীদের দ্রুত রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা ৭ জনকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের চিকিৎসা চলছে।প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে অনুমান দমকল আধিকারিকদের। তবে হোটেলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কি না এবং তা সঠিকভাবে কাজ করেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মর্মান্তিক এই ঘটনার পর তারাপীঠের হোটেলগুলিতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও কঠোর নজরদারির দাবি উঠেছে।